সমন্বয় সাপেক্ষে বিদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান

উত্তাল পরিস্থিতির মধ্যেও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার জন্য ইরান সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাপেক্ষে বিদেশি জাহাজগুলো এখনো হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। 

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় (আইএমও) নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি এবং যুক্তরাজ্যে দেশটির রাষ্ট্রদূত আলী মুসাভি রোববার (২২ মার্চ) মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।

আলী মুসাভি বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো অবশ্যই ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি স্পষ্ট করে জানান যে, হরমুজ প্রণালী কেবল ইরানের ‘শত্রু দেশগুলোর’ জন্য বন্ধ রাখা হয়েছে। বর্তমান সংকটের মূল কারণ হিসেবে তিনি গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে দায়ী করেন।

মুসাভি আরও যোগ করেন, ইরান নৌ-নিরাপত্তা উন্নত করতে এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করতে আইএমও এবং অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। তবে এই প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে অবশ্যই তেহরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।

এই ঘোষণাটি এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালীটি সম্পূর্ণ খুলে দেওয়ার জন্য ইরানকে চরমপত্র বা আল্টিমেটাম দিয়েছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, এই সময়ের মধ্যে প্রণালীটি অবাধ করে না দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাবে। পাল্টা জবাবে ইরানও জানিয়েছে, তাদের কোনো অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি জ্বালানি ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলোতে আক্রমণ করা হবে। সূত্র: আল জাজিরা ও মেহর নিউজ