ইরানের অর্থনীতি, জ্বালানি, অবকাঠামো ও খাদ্যনিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ খাত তদারকির জন্য রক্ষণশীল রাজনীতিকদের নিয়ে একটি দল গঠন করেছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। এতে নির্বাচিত সরকারের দায়িত্বের পরিধিতে নিরাপত্তা প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি সম্প্রতি কাউন্সিলের সচিবালয়ে আটজনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। তাঁদের বেশির ভাগই প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারের সময় দায়িত্ব পালন করেছেন।
নতুন নিয়োগপ্রাপ্তদের দায়িত্বের মধ্যে রয়েছে অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিস্থাপকতা, অবকাঠামো, জ্বালানি, খাদ্যনিরাপত্তা, সামাজিক বিষয়াবলি এবং সংসদের সঙ্গে সম্পর্ক। এসব দায়িত্বের কয়েকটি সরাসরি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সঙ্গে মিলে যায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত, নৌ অবরোধের কারণে তেল রপ্তানিতে বড় ধরনের বাধা এবং অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যে এই নিয়োগ দেওয়া হলো।
একই সঙ্গে প্রশ্ন উঠেছে, দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক সংকটগুলো ক্রমেই জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচিত হওয়ায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তাঁর মন্ত্রিসভার হাতে কতটুকু ক্ষমতা অবশিষ্ট থাকছে।
পেজেশকিয়ান এসএনএসসির চেয়ারম্যান হলেও নিয়োগগুলো দিয়েছেন রেজায়ি। তাঁর ক্ষমতার উৎস কেবল কাউন্সিলের সচিবের পদ নয়; সর্বোচ্চ নেতার প্রতিনিধিত্ব থেকেও তিনি কর্তৃত্ব পান।
নতুন নিয়োগের মধ্যে উল্লেখযোগ্য হলেন রক্ষণশীল সাবেক সংসদ সদস্য সাইয়েদ মোহসেন দেহনাভি। তাঁকে তথাকথিত ‘প্রতিরোধী অর্থনীতি’ বিষয়ক উপপ্রধান করা হয়েছে।
অতি রক্ষণশীল রাজনীতিক সাঈদ জলিলির সঙ্গে দেহনাভির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জলিলির ছাত্রবিষয়ক প্রচার কার্যক্রমের প্রধান ছিলেন তিনি।
আলী আকবর মেহরাবিয়ানকে রেজায়ির জ্বালানিবিষয়ক উপদেষ্টা করা হয়েছে। তিনি ইব্রাহিম রাইসির সরকারের জ্বালানিমন্ত্রী ছিলেন। এর আগে মাহমুদ আহমাদিনেজাদের সরকারের শিল্পমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
আলিরেজা পেইমান-পাককে সচিবালয়ের খাদ্যনিরাপত্তা সদর দপ্তরের প্রধান করা হয়েছে। তিনি ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রধান ছিলেন এবং পরে রাইসি সরকারের সময় কৃষিপণ্য বাণিজ্যবিষয়ক জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন।
মেহদি দৌস্তিকে অবকাঠামোবিষয়ক উপপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাইসি সরকারের সময় হরমোজগান প্রদেশের গভর্নর ছিলেন। এর আগে আইআরজিসির নির্মাণ সংস্থা খাতাম আল-আনবিয়া এবং তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল খাতে কাজ করেছেন। অন্য কয়েকজন নিয়োগপ্রাপ্তের বিপরীতে তিনি পেজেশকিয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন।
অন্য নিয়োগগুলোর মধ্যে রয়েছেন রাইসি সরকারের সময় প্রেসিডেন্টের কৌশলগত গবেষণা কেন্দ্রের প্রধান মোস্তফা জামানিয়ান। তাঁকে রেজায়ির সামাজিক বিষয়াবলিবিষয়ক উপদেষ্টা করা হয়েছে।
রক্ষণশীল সাবেক সংসদ সদস্য মাজিদ ফুলাদগরকে রেজায়ির কার্যালয়ের প্রধান এবং সাবেক সংসদ সদস্য আলী আহমাদিকে আইন ও সংসদবিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে।
এসব নিয়োগের মধ্য দিয়ে রাইসি সরকারের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা আবারও গুরুত্বপূর্ণ পদে ফিরেছেন। ২০২৪ সালে রাইসির মৃত্যুর পর সরকার পরিবর্তন হলেও তাঁদের প্রভাব ধরে রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
নিরাপত্তা কাউন্সিলের নিয়ন্ত্রণ কার হাতে?
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আনুষ্ঠানিক চেয়ারম্যান প্রেসিডেন্ট। এতে জ্যেষ্ঠ মন্ত্রী, সামরিক কমান্ডার এবং রাষ্ট্রের অন্যান্য শাখার প্রধানেরা সদস্য হিসেবে রয়েছেন। তবে প্রতিষ্ঠানটির ওপর প্রেসিডেন্টের একক নিয়ন্ত্রণ নেই।
ইরানের সংবিধানের ১৭৬ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট রাজনৈতিক, গোয়েন্দা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধন করে এই কাউন্সিল। তবে সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর হয় না।
গত আগস্টে মোজতবা খামেনি রেজায়িকে কাউন্সিলে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। এরপর আনুষ্ঠানিকভাবে তাঁকে সচিব পদে নিয়োগ দেন পেজেশকিয়ান।
এই ধারাবাহিকতা প্রতিষ্ঠানটির মধ্যে ক্ষমতার একাধিক কেন্দ্রের উপস্থিতি তুলে ধরে। প্রেসিডেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হলেও সচিব সর্বোচ্চ নেতার প্রতিনিধিত্ব করেন এবং সচিবালয়ের দৈনন্দিন কার্যক্রম তদারক করেন।
সাম্প্রতিক নিয়োগগুলোও পেজেশকিয়ান মন্ত্রিসভার নিয়োগ হিসেবে ঘোষণা করেননি; করেছেন রেজায়ি।
তবে প্রেসিডেন্ট এসব নিয়োগের বিরোধিতা করেছেন কিংবা সচিবালয় আনুষ্ঠানিকভাবে সরকারের মন্ত্রণালয়গুলোর ক্ষমতা গ্রহণ করেছে এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই।
তা সত্ত্বেও জ্বালানি, অবকাঠামো, খাদ্য সরবরাহ ও অর্থনৈতিক নীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ কাউন্সিলের কার্যক্রম যে সরকারের প্রচলিত দায়িত্বের পরিধিতে প্রবেশ করছে, তা স্পষ্ট করে।
ক্ষমতার কাঠামোয় আরও এক ধাপ পরিবর্তন
ইরানের অর্থনৈতিক সংকট ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এখন ক্রমেই পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ছে। মার্কিন নৌ অবরোধে তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে নিষেধাজ্ঞা এবং নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বাণিজ্যপথের নিরাপত্তা গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার ইস্যুতে পরিণত হয়েছে।
ইরানে মন্ত্রীরা প্রেসিডেন্টের মনোনয়নের পর সংসদের অনুমোদন নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু নিরাপত্তা কাউন্সিলের সচিবালয়ে নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ কর্মকর্তাদের ক্ষেত্রে একই প্রক্রিয়া অনুসরণ করতে হয় না। তাঁদের দায়িত্ব মন্ত্রিসভার সদস্যদের দায়িত্বের সঙ্গে মিলে গেলেও সংসদীয় অনুমোদনের প্রয়োজন পড়ে না।
রেজায়ির এই নিয়োগের অর্থ এই নয় যে নিরাপত্তা কাউন্সিল মন্ত্রিসভার জায়গা দখল করেছে কিংবা নতুন সাংবিধানিক ক্ষমতা পেয়েছে। তবে এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সরকারের আরও বেশি কাজ এমন একটি নিরাপত্তা কাঠামোর আওতায় চলে যাচ্ছে, যা প্রেসিডেন্টের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে।
ভবদহের স্থায়ী সমাধানে টিআরএম চালুর দাবি, জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ৫ মন্ত্রী
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
পাকিস্তান সফর শেষে ঢাকায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ