বাসিজকে নির্মূল করার ক্ষমতা শত্রুপক্ষের নেই: ইরানের সেনা মুখপাত্র

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

ইরানের স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজকে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য শক্তি হিসেবে অভিহিত করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো কৌশলই বাসিজ বাহিনীকে নির্মূল বা নিষ্ক্রিয় করতে সক্ষম নয়।

বাসিজকে ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোর স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাসিজ একটি অনন্য ও অতুলনীয় শক্তি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শত্রুদের কোনো কৌশলই এ বাহিনীকে ধ্বংস বা নিষ্ক্রিয় করতে পারবে না।

দেশটির কঠিন ও সংকটময় পরিস্থিতিতে বাসিজের ভূমিকার প্রশংসা করে শেখারচি বলেন, যেকোনো পরিস্থিতিতে এ বাহিনী মানুষের মধ্যে আশার সঞ্চার করে, পারস্পরিক আস্থা বাড়ায় এবং কঠিন সময়েও শান্তি ও স্থিরতা বজায় রাখতে সহায়তা করে।

বাসিজের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জনগণের ঐশী সংকল্প যখন সর্বাধিনায়ক ও মুসলিম সম্প্রদায়ের ইমামের নির্দেশনার সঙ্গে একীভূত হয়, তখন বিশ্বের কোনো শক্তিই তার মোকাবিলা করতে পারে না।

শেখারচির ভাষ্য, বাসিজের এসব বিশেষ বৈশিষ্ট্যই বাহিনীটিকে বিশ্বের অন্যতম অপ্রতিরোধ্য শক্তি ও অনন্য ক্ষমতার অধিকারী করে তুলেছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

এসজেড
আরও পড়ুন