ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর সৌদি যুবরাজের চাপ 

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখা এবং সেখানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সালমান। এসব আলোচনায় তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্টকে উৎসাহ দিয়েছেন।

সৌদি যুবরাজের ধারণা, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে অঞ্চলটি দীর্ঘমেয়াদে নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। এমনকি সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বা নৌপথে হুমকি অব্যাহত রাখতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও পর্দার আড়ালে সালমানের অবস্থান বেশ কঠোর। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সৌদি আরবের এই নেতা চান মার্কিন বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বর্তমান শাসনব্যবস্থাকে দুর্বল করে দিক।

নিউইয়র্ক টাইমসের সূত্রমতে, ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে এবং বর্তমান সরকারের পতন ঘটাতে তিনি দেশটিতে সরাসরি মার্কিন স্থল অভিযানের পক্ষে মত দিয়েছেন।