কুয়েতের অন্যতম প্রধান জ্বালানি তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র ‘মিনা আল-আহমাদি’তে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোরে কুয়েত সিটি থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনাতে এ হামলার ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন নিশ্চিত করেছে যে, হামলার ফলে শোধনাগারের বেশ কয়েকটি অপারেশনাল ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্টাফ সাউদ আল-আতোয়ান জানান, দেশের আকাশসীমায় প্রবেশ করা বেশ কিছু শত্রুভাবাপন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরিস্থিতি মোকাবিলায় এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতের তেল স্থাপনাগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এর আগে গত মার্চ মাসেও এই শোধনাগারটি একইভাবে হামলা হয়েছিল।