মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে এবং লোহিত সাগরসহ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে চীন।
রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ফোনালাপকালে ওয়াং ই স্পষ্ট করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে বেইজিং প্রস্তুত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কাটাতে এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বজায় রাখতে দুই দেশই অভিন্ন অবস্থানে রয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর মতে, হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের সমস্যা সমাধানের একমাত্র পথ হলো দ্রুততম সময়ে যুদ্ধবিরতি কার্যকর করা। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো সংকট নিরসনে চীন সবসময় সংলাপ এবং রাজনৈতিক সমাধানের পক্ষপাতি।
উল্লেখ্য, আগামী সপ্তাহে বাহরাইনের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হতে পারে, যার মূল লক্ষ্য থাকবে হরমুজ প্রণালীর বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। সেই ভোটের আগেই বিশ্ব রাজনীতির এই দুই পরাশক্তির এমন অবস্থান বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করল।