পারস্য উপসাগর উপকূলে ইরানের মাছ ধরার নৌকায় ড্রোন হামলা, নিখোঁজ ১

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

ইরানের পারস্য উপসাগর উপকূলের কাছে একটি মাছ ধরার নৌকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিখোঁজ হয়েছেন এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। রোববার (২৯ নভেম্বর) ভোরে হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির উপকূলে এ ঘটনা ঘটে।

হরমোজগানের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে নৌকাটিতে হামলা হয়। নৌকাটি সিরিকের এক বাসিন্দার মালিকানাধীন ছিল। হামলার সময় এতে তিনজন ছিলেন।

নাফিসি বলেন, হামলার পর নৌকার দুই আরোহীকে উদ্ধার করে সিরিক কাউন্টি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তৃতীয় ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় তল্লাশি অভিযান চলছে।

নিখোঁজ ব্যক্তির অবস্থা ও হামলার বিস্তারিত তথ্য সরকারি প্রতিবেদন পাওয়ার পর জানানো হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

মাছ ধরার নৌকায় ধারাবাহিক হামলার অভিযোগ

ইরানের হরমোজগান উপকূলে বেসামরিক স্থাপনা ও মাছ ধরার নৌকায় একাধিক হামলার খবর এর আগেও জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

গত ১ সেপ্টেম্বর সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ তোলে ইরান। দেশটির কর্মকর্তাদের দাবি, ওই অনুষ্ঠানে একটি আবাসিক বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে চার বছর বয়সী এক শিশুসহ অন্তত চারজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন।

গত ৩১ অক্টোবর ইরানি কর্মকর্তারা জানান, কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের বাহিনী দুটি মাছ ধরার নৌকায় হামলা চালিয়েছে। এতে একজন জেলে আহত হন বলে তাঁদের দাবি।

এ ছাড়া গত ১৪ অক্টোবর সিরিক উপকূলে আরেকটি মাছ ধরার নৌকায় অজ্ঞাতপরিচয় ড্রোন আঘাত হানে। এতে নৌকাটির তিন জেলেই আহত হন। পরে স্থানীয় কর্তৃপক্ষ তাঁদের উপকূলে এনে চিকিৎসার ব্যবস্থা করে।

গত ১৪ সেপ্টেম্বর হরমোজগান প্রদেশের কারগান বন্দরের কাছে ইরানের দুটি নৌকায় হামলার খবর জানানো হয়। এতে কয়েকজন জেলে নিখোঁজ হন এবং তাঁদের উদ্ধারে অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে ৮ জুলাই সিরিকের তাহেরুই গ্রামের কাছে একটি টেলিযোগাযোগ টাওয়ার ও বন্দর স্থাপনায় মার্কিন হামলার অভিযোগ তোলে ইরান। ওই ঘটনায় চারজন আহত হন এবং একটি ভাসমান জেটি ক্ষতিগ্রস্ত হয়।

পাল্টা হামলার দাবি ইরানের

ইরানের দাবি, এসব হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে এবং সেগুলোর ব্যাপক ক্ষতি করেছে।

তবে মাছ ধরার নৌকায় সর্বশেষ ড্রোন হামলার জন্য কারা দায়ী, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্যও উল্লেখ করা হয়নি।

সূত্র: প্রেস টিভি

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত