ট্রাম্পের পোস্ট নিয়ে উপহাস, বিদ্রূপে যোগ দিলো ইরানও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেওয়া এক চরম হুমকির পোস্ট ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। তবে যুদ্ধের আবহে এই হুমকি যতটা না আতঙ্ক ছড়িয়েছে, তার চেয়ে বেশি পরিণত হয়েছে ‘মিম’ আর হাসির খোরাকে। ট্রাম্পের এই পোস্ট নিয়ে খোদ ইরান সরকার ও তাদের বিভিন্ন দেশের দূতাবাসগুলো বিদ্রূপাত্মক মন্তব্য করে ট্রাম্পকে রীতিমতো ‘ট্রোল’ করছে।

গত রোববার (৫ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প একটি নজিরবিহীন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘মঙ্গলবার হবে ইরানের পাওয়ার প্ল্যান্ট ও সেতু ধ্বংসের দিন। নজিরবিহীন ঘটনা ঘটবে! প্রণালি খুলে দাও পাগলের দল, নইলে তোমাদের নরকে যেতে হবে।’ তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল পোস্টের শেষ অংশ। সেখানে তিনি ইসলামি পরিভাষার মতো ‘নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর’ (Surely all praise is to Allah) বাক্যটি যোগ করেন।

ট্রাম্পের এমন বিচিত্র ভাষার পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাবেক কংগ্রেস সদস্য থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা ট্রাম্পকে নিয়ে রসিকতা শুরু করেন। অনেকেই নিজেদের সাধারণ সব পোস্টের শেষে বিদ্রূপ করে ‘নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর’ বাক্যটি জুড়ে দিচ্ছেন। কেউ কেউ ট্রাম্পের এই আক্রমণাত্মক ভাষার স্টাইল ব্যবহার করে দৈনন্দিন তুচ্ছ ঘটনার বিদ্রূপাত্মক বর্ণনা দিচ্ছেন।

ট্রাম্পের এই হুমকির বিপরীতে সবচেয়ে বুদ্ধিদীপ্ত ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন দেশে থাকা ইরানি দূতাবাসগুলো। জিম্বাবুয়ের ইরানি দূতাবাস একটি পোস্টে লেখে, ‘শসসস... একদম চুপ! আমরা (হরমুজ প্রণালির) চাবি হারিয়ে ফেলেছি।’ 

এর জবাবে দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাস রসিকতা করে লেখে, ‘আরে চুপ করো... চাবিটা তো ফুলের টবের নিচে লুকানো আছে, ওটা শুধু বন্ধুরা খুঁজে পাবে।’

অন্যদিকে, যুক্তরাজ্যের ইরানি দূতাবাস বিশ্বখ্যাত লেখক মার্ক টোয়েনের একটি কালজয়ী উদ্ধৃতি শেয়ার করে ট্রাম্পকে খোঁচা দিয়েছে। সেখানে বলা হয়, ‘চুপ থাকলে মানুষ আপনাকে বড়জোড় বোকা ভাবতে পারে, কিন্তু মুখ খুললে সেই সন্দেহও দূর হয়ে যায়।’

ট্রাম্পের ‘নরকে পাঠানোর’ হুমকির বিপরীতে ইরানের এই ধরণের প্রকাশ্য ব্যঙ্গাত্মক অবস্থান প্রমাণ করে যে তারা মানসিকভাবে মোটেই ভেঙে পড়েনি। মঙ্গলবার ট্রাম্পের দেওয়া সেই সময়সীমা শেষে রণক্ষেত্রের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ববাসী।