ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিলো উত্তর কোরিয়া। রবিবার (১৯ এপ্রিল) ভোরে দেশটির পূর্ব উপকূলে সমুদ্রের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

চলতি বছর এটি উত্তর কোরিয়ার সপ্তম এবং চলতি মাসেই চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার সিনপো শহরের নিকটবর্তী এলাকা থেকে রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এগুলো উপদ্বীপের পূর্ব উপকূলে সাগরে গিয়ে পড়ে।

জাপানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকেও এই উস্কানিমূলক পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে এক জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন অনুযায়ী উত্তর কোরিয়ার যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। তবে পিয়ংইয়ং বরাবরের মতোই এই নিষেধাজ্ঞাকে তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে মে মাসের মাঝামাঝি সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সম্মেলনে উত্তর কোরিয়া ইস্যুটি গুরুত্ব পাবে। ঠিক তার আগেই কিম জং উনের এই সামরিক শক্তি প্রদর্শনকে যুক্তরাষ্ট্র ও চীনের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছিলেন, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক সক্ষমতা মারাত্মকভাবে বৃদ্ধি করেছে। কিম জং উনও সম্প্রতি ঘোষণা করেছেন যে, পারমাণবিক শক্তি হিসেবে তার দেশের অবস্থান এখন ‘অপরিবর্তনযোগ্য’।