উদ্ধারকাজ অব্যাহত

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ এএম

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং তা এখনো চলছে।

ভূমিকম্পের তীব্রতায় কাশিমা শহরের ‘এইয়ন মল’ শপিং সেন্টারের দ্বিতীয় তলা ধসে পড়ে বহু মানুষ ভেতরে আটকা পড়েছেন। প্রাথমিক ধারণামতে, তীব্র কম্পন ও গ্যাস লিকের কারণে এই ধসের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি নিউজের তথ্য অনুযায়ী, নিহতদের পাশাপাশি অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখনো বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ অবস্থায় রয়েছেন।

দুর্ঘটনায় নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ইয়াতসুশিরো কারখানার একটি বিশালাকার চিমনি ভেঙে পড়েছে। এতে চিমনিটির নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন বলে উদ্ধারকারী দল জানিয়েছে।

পরিস্থিতি বিবেচনায় জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি কুমামোতো ও নাগাসাকি প্রিফেকচারের ২ লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাটি জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। বর্তমানে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: এপি নিউজ

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত