লেবাননের দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে ১ ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন।
শনিবারের (১৮ এপ্রিলের) এই ঘটনার কথা রোববার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভিস্ট) লিদোর পোরাত (৩১)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হিরাম রিজিওনাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি গাড়ি আগে থেকে পুঁতে রাখা বোমার ওপর চলে আসে। এর সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। সেখানে হিজবুল্লাহ বোমাটি পুঁতে রেখেছিল। এই বোমার বিস্ফোরণে পোরাত প্রাণ হারান। তিনি ও অন্যান্যরা সেখানে থাকা ভারী সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, চারজন মাঝারি আঘাত পেয়েছেন। আর বাকি চারজন সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন। আহতদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই এই হতাহতের ঘটনা ঘটল। ইসরায়েলি বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করার কথা জানালেও, এর পরপরই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের বিভিন্ন স্থানে পুনরায় হামলা চালিয়েছে তারা।
এই বিস্ফোরণের পরপরই আইডিএফ ওই এলাকার বেশ কয়েকটি লক্ষ্যস্থলে আঘাত হানে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া শুরু হয়। শুক্রবার থেকে কার্যকর ধরে এ যুদ্ধবিরতির মেয়াদ প্রাথমিকভাবে ১০ দিন। সূত্র: টাইমস অব ইসরায়েল