জম্মু-কাশ্মিরে পাহাড় থেকে বাস পড়ে নিহত ১৬, আহত ২০

ভারতের জম্মু ও কাশ্মিরে পাহাড় থেকে বাস পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে রামনগর এলাকার কাগোর্ট গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ ও অন্যান্য জরুরি পরিষেবা কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটির ধ্বংসাবশেষ থেকে মোট ১৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।

তারা আরো জানায়, বাসটি একটি প্রত্যন্ত গ্রাম থেকে উধমপুরের দিকে যাচ্ছিল এবং তখনই এ দুর্ঘটনা ঘটে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া