মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় ইরান ও লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে লেবাননে বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বৈরুত ও তেহরানের কূটনৈতিক দপ্তরগুলো থেকে এই জরুরি সতর্কতা জারি করা হয়।
লেবাননের পরিস্থিতি জটিল বলে সতর্ক করে এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবানন ছাড়ার নির্দেশের পরও যেসব মার্কিন নাগরিক দেশটি ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা যেন জরুরি পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখেন এবং সর্বশেষ পরিস্থিতি জানতে সংবাদ পর্যবেক্ষণ করেন।
দূতাবাস আরও জানায়, লেবাননজুড়ে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি রয়েছে। বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক ও পর্যটকদের নিয়মিত যাতায়াত করা স্থানগুলো ‘হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে’। একই সঙ্গে মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।
এদিকে, গত ১৭ এপ্রিল শুরু হওয়া লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধবিরতির লক্ষ্য ছিল লেবাননে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করা। তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।