মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম

ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পরপরই সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার (২২ এপ্রিল) এক বিশেষ বার্তায় এই জরুরি সতর্কতা জারি করা হয়। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নাগরিকরা যেন দ্রুত বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের ব্যবস্থা করেন। বিমানে যাতায়াত সম্ভব না হলে সড়কপথে পার্শ্ববর্তী দেশগুলোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন নাগরিকরা সড়কপথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তানেও যেতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। তবে আফগানিস্তান ও ইরাকে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের নিরুৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র।

যাদের ইরান ও যুক্তরাষ্ট্র- উভয় দেশের নাগরিকত্ব রয়েছে, তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ইরান সরকার ‘এক্সিট ফি’ বা দেশ ত্যাগের জন্য অতিরিক্ত অর্থ দাবি করতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন।

এদিকে, উত্তেজনার মধ্যেই আশার আলো দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যে বড় কোনো ‘সুসংবাদ’ আসতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে এই আলোচনার পথ প্রশস্ত হচ্ছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে।

এর আগে ট্রাম্প এক বার্তায় জানান, ইরান যতক্ষণ পর্যন্ত একটি সমন্বিত প্রস্তাব নিয়ে না আসছে, ততক্ষণ অবরোধ অব্যাহত থাকবে। তবে আলোচনার স্বার্থে আপাতত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন তিনি।

FJ
আরও পড়ুন