মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন ও শান্তি ফেরানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন। মূলত বর্তমানে চলমান ১০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর লক্ষ্যেই দুই দেশের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনার মূল ভিত্তি হলো লেবাননের ওপর ইসরায়েলি সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ করা। বৈরুতের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছে। সেগুলো হলো- লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। দুই দেশের মধ্যে বন্দিবিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা। আন্তর্জাতিক সীমান্তে লেবানন সেনাবাহিনীর স্থায়ী মোতায়েন নিশ্চিত করা। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত শুরু করা।
এর আগে গত ১৬ এপ্রিল ওয়াশিংটনে প্রথম দফার সফল আলোচনার পর দুই দেশের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। বাংলাদেশ সময় অনুযায়ী ওইদিন দিবাগত রাত ৩টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়েছিল। আজকের দ্বিতীয় দফা বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে লেবানন-ইসরায়েল সীমান্তে দীর্ঘস্থায়ী শান্তি ফিরবে কি না।
ওয়াশিংটনের এই মধ্যস্থতা সফল হলে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে সেনা প্রত্যাহার এবং সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দরকষাকষি বেশ চ্যালেঞ্জিং হতে পারে বলে ধারণা করা হচ্ছে।