সমুদ্রপথে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। ইরানের একটি বন্দরে যাওয়ার পথে দেশটির একটি পতাকাবাহী জাহাজের গতিরোধ করে সেটি জব্দ করেছে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি ১১৫)।
শনিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার ইরানি পতাকাবাহী জাহাজটি যখন ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল, তখন মার্কিন ডেস্ট্রয়ারটি সেটিকে বাধা দেয়। পরবর্তীতে প্রয়োজনীয় তল্লাশি শেষে জাহাজটি নিজেদের হেফাজতে নেয় মার্কিন বাহিনী।
তবে ঠিক কী কারণে বা জাহাজে থাকা কোন ধরণের মালামালের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে ওয়াশিংটন বা সেন্টকম বিস্তারিত কিছু জানায়নি।
ইরানের ওপর মার্কিন কঠোর অবরোধ এবং হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। বিশেষ করে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি ইরানের তেল রপ্তানিতে সব ধরণের ছাড় বন্ধের যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিফলন হিসেবে এই জাহাজ জব্দ করার ঘটনাটি দেখা হচ্ছে।
এই ঘটনার পর তেহরান থেকে তীব্র প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে। এর আগে এ ধরণের পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান পাল্টা মার্কিন বা মিত্র দেশগুলোর জাহাজ আটকের হুমকি দিয়েছিল। সমুদ্রপথে দুই দেশের এই মুখোমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের নৌ-নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে।