যুক্তরাষ্ট্রের ৩ ‘বাংকারবিধ্বংসী’ বোমা নিষ্ক্রিয় করলো ইরান

ইরানের জাঞ্জান প্রদেশে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের অবশিষ্টাংশ হিসেবে পড়ে থাকা ৯ হাজার ৫০০টিরও বেশি ক্ষুদ্র বোমা (বোম্বেট) এবং কয়েকটি শক্তিশালী মার্কিন বাংকারবিধ্বংসী বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, সম্প্রতি ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর জাঞ্জান প্রদেশে প্রচুর অবিস্ফোরিত গোলাবারুদ পড়ে ছিল। এগুলো শনাক্ত ও অপসারণে আইআরজিসির বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট একটি বড় ধরনের অভিযান চালায়। চলমান যুদ্ধবিরতির মধ্যেই জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতি অনুযায়ী, আইআরজিসি ৯ হাজার ৫০০টির বেশি বোম্বলেট বা বোমার ক্ষুদ্র অংশ নিষ্ক্রিয় করেছে, যা মূলত শত্রুর যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল। এছাড়া ৫২টি রকেট ধ্বংস এবং ১০টির বেশি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র উদ্ধার করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইআরজিসি আরও জানায়, এসব রকেট ও ক্ষেপণাস্ত্র এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া হয়েছিল।

সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল তিনটি ২ হাজার পাউন্ড ওজনের মার্কিন জিবিইউ-৫৭ (GBU-57) বাংকারবিধ্বংসী বোমা। আইআরজিসি এই শক্তিশালী বোমাগুলো ধ্বংস করেছে এবং একই ধরনের আরও একটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে। এছাড়া একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জিবি-৩৯ ক্রুজ ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে বাহিনীটি।

আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, এসব মরণঘাতী অস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান থেকে ইরানের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যা অবিস্ফোরিত অবস্থায় জনবসতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি