দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালাতে গিয়ে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
রোববার (২৬ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে, লেবাননের বিভিন্ন প্রান্তে ইসরায়েলি বাহিনীর চালানো নতুন হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আইডিএফ-এর বিবৃতিতে জানানো হয়েছে, নিহত সেনার নাম সার্জেন্ট ইদান ফুকস (১৯)। তিনি ইসরায়েলি বাহিনীর ৭ম ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। দক্ষিণ লেবাননে অভিযান চলাকালীন তিনি প্রাণ হারান। এই ঘটনায় একজন সেনা কর্মকর্তা ও তিনজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। বাকি দুজনের আঘাত ততটা গুরুতর নয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার দিনভর চালানো এসব হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের ফলে সীমান্তবর্তী এলাকার হাজার হাজার মানুষ আবারও ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। লেবানন অভিযোগ করেছে যে, ইসরায়েলি বাহিনী চুক্তি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে আক্রমণ চালাচ্ছে। অন্যদিকে, ইসরায়েল দাবি করছে তারা কেবল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করছে।
লেবাননে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিহত ১৪