পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট চলছে, ভবানীপুরে মমতা-শুভেন্দু লড়াই

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভারতীয় সময় সকাল ৭টা থেকে বুথে বুথে ভোটগ্রহণের কাজ শুরু হয়েছে। এর আগে, ভোর ৫টা থেকে শুরু হয় ‘মক পোলিং’। এই ধাপে রাজ্যের রাজধানী কলকাতাসহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

এই দফার সবচেয়ে আকর্ষণীয় লড়াইটি দেখা যাচ্ছে ভবানীপুর আসনে, যেখানে মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজকের এই ভোটের ফলেই মূলত নির্ধারিত হবে তাদের রাজনৈতিক ভাগ্য।

প্রথম দফার নির্বাচনে রেকর্ড ৯২ শতাংশ ভোটার উপস্থিতি দেখা গিয়েছিল, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিশ্লেষণ ও ব্যাখ্যার প্রতিযোগিতা তৈরি করেছে। এখন সবার নজর দ্বিতীয় দফার ফলাফলের দিকে।

দক্ষিণবঙ্গ ঐতিহ্যগতভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০২১ সালের নির্বাচনে এই অঞ্চলের ১৪২টি আসনের মধ্যে ১২৩টি দখল করেছিল দলটি। বিজেপি পেয়েছিল ১৮টি আসন, আর বামফ্রন্ট পেয়েছিল মাত্র ১টি।

এবার সেই ঘাঁটি ভাঙাই বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। চাকরি, অনুপ্রবেশ, দুর্নীতি ও নারীর নিরাপত্তার মতো ইস্যুকে সামনে রেখে প্রচার চালাচ্ছে দলটি। এ প্রচারণায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ‘বহিরাগত’ ইস্যু, রাজ্যের সংস্কৃতি ও উন্নয়নের কথা তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগও উঠেছে, যা ফলাফলে প্রভাব ফেলতে পারে।

সবচেয়ে আলোচিত লড়াই হচ্ছে কলকাতার ভবানীপুর আসনটি। এখানে মমতা ও শুভেন্দুর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা পুরো নির্বাচনকেই কেন্দ্রীভূত করে তুলেছে।

এই দফার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন— ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলি ও আরও অনেকে।

পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা হবে আগামী ৪ মে।