বিশ্বের প্রতিরক্ষা বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এবার ইউরোপের দেশ স্পেনের সঙ্গে বড় ধরণের এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। এই চুক্তির আওতায় স্পেনের সশস্ত্র বাহিনীর জন্য তুরস্কের তৈরি অত্যাধুনিক জেট প্রশিক্ষণ ও হালকা আক্রমণকারী বিমান ‘হুরজেট’ সরবরাহ করবে আঙ্কারা।
বুধবার (২৯ এপ্রিল) স্পেনের গেটাফে শহরে অবস্থিত এয়ারবাসের প্রধান স্থাপনায় এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ‘টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ’ (TAI) এই বিমানটির নির্মাতা।
চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো হুরজেট বিমানের যৌথ উৎপাদন। এই প্রকল্পের আওতায় বিমানের একটি অংশ তুরস্কে তৈরি হলেও বাকি অংশ স্পেনের মাটিতে নির্মিত হবে। এতে স্পেনের স্থানীয় শিল্পোদ্যোক্তারাও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে উন্নত সামরিক প্রযুক্তি বিনিময়ের নতুন পথ উন্মোচিত হলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন এবং স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি মারিয়া আম্পারো ভালকার্সে গার্সিয়া। হালুক গোরগুন বলেন, ‘এই চুক্তি তুরস্ক ও স্পেনের মধ্যকার সামরিক ও কূটনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ, নৌ ও স্থল প্রতিরক্ষা সরঞ্জামগুলো এখন বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে।’
অন্যদিকে, মারিয়া গার্সিয়া জানান, স্পেনের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে স্পেন তার মোট জিডিপির প্রায় ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করছে এবং হুরজেট তাদের বিমান বাহিনীকে আরও আধুনিক করে তুলবে।
‘হুরজেট’ হলো তুরস্কের তৈরি প্রথম সুপারসনিক (শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন) উন্নত প্রশিক্ষণ বিমান। এটি কেবল পাইলটদের প্রশিক্ষণেই নয়, বরং আকাশপথে হালকা আক্রমণ এবং নজরদারির কাজেও অত্যন্ত কার্যকর। ইউরোপের একটি শক্তিশালী দেশের কাছে এই বিমান রপ্তানি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বিশাল মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি