স্পেনে ট্রেন দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরলেন ভুক্তভোগীরা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ এএম

স্পেনে যে দু’টি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে তার একটিতে ছিলেন সাংবাদিক রবার্তো গোমেজ। দুর্ঘটনার সেই মুহূর্তটির অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি।

 

গোমেজ জানান, দ্রুতগতির ট্রেনটি থেমে যাওয়ার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। পরে যাত্রীদের জানানো হয়, লাইনে যানজট রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর ট্রেনটি আবার চলতে শুরু করে এবং এরপরই সংঘর্ষ হয়।

 

তিনি স্পেনের ‘ওন্দা সেরো রেডিও’কে বলেন, ‘ধাক্কাটা ছিল ভয়াবহ। আপনি কল্পনা করতে পারেন, বগিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভেঙে যাওয়া বগির ভেতরে সব স্যুটকেস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে!’

 

গোমেজ নিজে সামান্য আহত হন। তবে তিনি জানান, আরেক যাত্রী তার ওপর পড়ে যান এবং ওই যাত্রীর মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়।

 

তিনি আরো জানান, পরিস্থিতি ছিল অত্যন্ত বিশৃঙ্খল ও মানসিকভাবে খুবই কষ্টদায়ক। কয়েক মিনিট পর তিনি ও অন্যরা জানালা দিয়ে বের হতে সক্ষম হন।

 

এদুয়ার্দা নামে একজন তার দু’টি বিড়াল নিয়ে ভ্রমণ করছিলেন। তিনি স্প্যানিশ রেডিও অনুষ্ঠান ‘হয় পর হয়’কে জানান, সংঘর্ষের ধাক্কায় তিনি সামনে ছিটকে পড়েন এবং তার আসনের সামনের টেবিলটি ভেঙে যায়। আশপাশের অনেক যাত্রী আঘাত পান। ট্রেন থেকে বেরিয়ে আসার পর তিনি চিৎকারের শব্দ শুনতে পান এবং একটি বগিতে আগুন জ্বলতে দেখেন।

 

তিনি আরো জানান, ট্রেনের নিচে নিহত ব্যক্তিদেরও তিনি দেখতে পান।

 

অন্যদিকে, উচ্চগতির ট্রেনে থাকা মিগেল আঞ্জেল পেরেজ একটি ভয়ঙ্কর সংঘর্ষের শব্দ শুনতে পান।

 

তিনি স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘লা ওরা দে লা ১’-কে বলেন, ‘বগিটি আংশিকভাবে উল্টে গিয়েছিল।’

 

তিনি আরো বলেন, ‘খোলা ট্রে-টেবিলের আঘাতে কিছু যাত্রী জখম হন। তবে সৌভাগ্যবশত খুব কম মানুষই দাঁড়িয়ে ছিলেন।’

 

মিগেল আঞ্জেল পেরেজ বলেন, ‘আমরা ট্রেনটিকে নড়তে, লাইনচ্যুত হতে এবং একদিকে হেলে পড়তে অনুভব করেছি। কয়েক সেকেন্ড ছিল ভয়ঙ্কর।’

 

সূত্র : বিবিসি

এইচএন
আরও পড়ুন