লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান অভিযানে কোনো ধরনের যুদ্ধবিরতি চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। দেশটিতে ইসরায়েলের ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকার মধ্যেই তিনি এই মন্তব্য করলেন।
বুধবার (২৯ এপ্রিল) দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদল পরিদর্শনে যান সেনাপ্রধান ইয়াল জামির। সেখানে সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে।'
তিনি জোর দিয়ে বলেন, উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ সব ধরনের হুমকি দূর না হওয়া পর্যন্ত এই অভিযান থামবে না।
ইয়াল জামির আরও উল্লেখ করেন, 'রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে নির্ধারিত লক্ষ্য—অর্থাৎ ইসরায়েলি জনপদে সরাসরি হামলা ঠেকানোর সক্ষমতা অর্জনে সেনাবাহিনী সফল হয়েছে।' বর্তমানে তাঁরা সেই অবস্থানেই আছেন এবং প্রয়োজনে সেখানেই অবস্থান করতে হবে বলে তিনি ইঙ্গিত দেন। তিনি সেনাদের ‘সন্ত্রাসীদের’ অবকাঠামো খুঁজে বের করে পুরোপুরি নির্মূল করার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ২৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া যুদ্ধের ভয়াবহতায় দেশজুড়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। এই মানবিক বিপর্যয়ের মধ্যেও ইসরায়েলি সামরিক বাহিনীর এমন অনড় অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। সূত্র: মিডল ইস্ট আই