দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ড্রোনটি হারানোর খবর নিশ্চিত করে জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য (Surface-to-Air) ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এটি ধ্বংস করা হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরায়েলের বহুল আলোচিত ‘হার্মিস ৪৫০জেড’ (Hermes 450Z) মডেলের ড্রোনটি তারা লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের আকাশসীমায় শনাক্ত করার পর সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে ড্রোনটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়। এই ড্রোনটি মূলত গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট নিশানায় হামলার কাজে ব্যবহার করত ইসরায়েল।
এদিকে, বুধবার (২৯ এপ্রিল) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৫ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এর একদিন আগে মাজদাল জউন শহরে ইসরায়েলের চালানো দুটি পৃথক বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী এবং একজন লেবানিজ সেনাসদস্য রয়েছেন বলে জানা গেছে। বেসামরিক ও উদ্ধারকর্মীদের ওপর এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
চলতি এপ্রিলের মাঝামাঝি একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বাস্তবে ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৩৪ জন নিহত এবং ৭ হাজার ৮৬৩ জন আহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা