অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের দুটি এলাকায় প্রায় ৩৭ দশমিক ৮ একর জমি থেকে বাদামগাছ ও বুনো উদ্ভিদ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এতে স্থানীয় কৃষকদের জীবিকা, কৃষিজমির উৎপাদনশীলতা এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ইসরায়েলি বাহিনীর একজন কমান্ডার সামরিক আদেশটিতে স্বাক্ষর করেন।
আদেশের আওতায় রয়েছে হেবরনের দুরা ও তারকুমিয়া এলাকার বিভিন্ন কৃষিজমি। দুরার তারস, ওয়াদি খুজেম, খিরবেত দেইর সামিত, খিরবেত সাবর, জাবাল আল-সাদি ও খিরবেত আল-দেইরসহ কয়েকটি স্থান এ নির্দেশের অন্তর্ভুক্ত। পাশাপাশি তারকুমিয়ার কিছু জমিতেও গাছপালা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, ইসরায়েলি লিয়াজোঁ কর্তৃপক্ষের নির্ধারিত মাঠপর্যায়ের পরিদর্শনের পর জমির মালিক বা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সাত দিনের মধ্যে বাদামগাছ ও অন্যান্য উদ্ভিদ সরিয়ে ফেলতে হবে।
নির্দেশে আরও বলা হয়েছে, জমির মালিকেরা নির্ধারিত সময়ের মধ্যে গাছপালা অপসারণ না করলে সামরিক কমান্ডারের অনুমোদিত ব্যক্তিরা নিজেরাই তা সরিয়ে ফেলতে পারবেন।
তবে জমির মালিকদের আপত্তি জানানোর সুযোগও রাখা হয়েছে। মাঠপর্যায়ের পরিদর্শনের তারিখ থেকে সাত দিনের মধ্যে তাঁরা আদেশের বিরুদ্ধে আপত্তি জমা দিতে পারবেন বলে কমিশন জানিয়েছে।
ফিলিস্তিনি কমিশন সতর্ক করে বলেছে, সাত কিলোমিটারের বেশি এলাকাজুড়ে বাদামগাছ ও প্রাকৃতিক উদ্ভিদ অপসারণ করা হলে জমির কৃষি উৎপাদনশীলতা এবং পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর ফলে স্থানীয় কৃষকদের আয় ও জীবিকা হুমকির মুখে পড়বে। একই সঙ্গে কৃষিজমির সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
কমিশনের অভিযোগ, নিরাপত্তার যুক্তি দেখিয়ে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের মতে, এর মাধ্যমে ফিলিস্তিনিদের জমির ব্যবহার নিয়ন্ত্রণ এবং এলাকাগুলোর বাস্তব পরিস্থিতিতে পরিবর্তন আনার সুযোগ তৈরি হচ্ছে।
সামরিক আদেশে জমির মালিকানা হস্তান্তরের কোনো নির্দেশ নেই। এতে নির্দিষ্টভাবে গাছ ও উদ্ভিদ অপসারণের কথা বলা হয়েছে। তবে কমিশনের মতে, মালিকানা অপরিবর্তিত থাকলেও গাছপালা সরিয়ে ফেলার ফলে জমির কৃষিভিত্তিক চরিত্র ও উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফিলিস্তিনি কৃষকদের জন্য বাদামগাছ কেবল কৃষিপণ্য উৎপাদনের উৎস নয়; এটি তাঁদের আয়, পারিবারিক জীবিকা এবং ভূমির সঙ্গে ঐতিহাসিক সম্পর্কেরও অংশ।
ইসরায়েলি সামরিক আদেশের বাস্তবায়ন হলে হেবরনের দুরা ও তারকুমিয়া এলাকার কৃষকরা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছে ফিলিস্তিনি কমিশন।
আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন
আস্থার ঘাটতিতে বরখাস্ত হলেন মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডার
যে সেনার ধমক খেয়েছিলেন, তাকেই পদক দিলেন পিট হেগসেথ