ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। শুক্রবার (১ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ ঘোষণা দেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যঁ-নোয়েল বারো বলেন, এই সংকট শুরুর পর থেকেই ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। আমরা আগেই বলেছি, যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়ায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চলায় ফ্রান্সের পক্ষে এতে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের ওপর জোর দিয়ে জ্যঁ-নোয়েল বারো বলেন, শুরু থেকেই আমরা এ যুদ্ধের বিপক্ষে ছিলাম। সবাই দেখছে, যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কতটা বেশি। বিশ্ব অর্থনীতি ও আমাদের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে।
ইরান উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ আবার খুলে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই এলাকায় নৌচলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।বারো আরও বলেন, কোনো প্রণালিতেই কোনো ধরনের বাধা, ব্ল্যাকমেইল বা টোল আদায় সহ্য করা হবে না। আন্তর্জাতিক জলসীমায় কেউ কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় তেহরান। বিশ্ববাজারের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালিও বন্ধ হয়ে যায়। সূত্র: মিডল ইস্ট মনিটর