হিজবুল্লাহর নতুন ড্রোন প্রযুক্তিতে কোণঠাসা ইসরায়েলি সেনারা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের ড্রোন প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যা দখলদার ইসরায়েলি সেনাদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই প্রযুক্তির ফলে ইসরায়েলি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একের পর এক সফল ও আকস্মিক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ এখন তাদের ড্রোনে ফাইবার অপটিক ব্যবহার করছে। এর ফলে ড্রোনগুলো আর রেডিও ফ্রিকোয়েন্সির ওপর নির্ভরশীল নয়। সাধারণত ইসরায়েলি সেনাবাহিনী রেডিও সিগন্যাল জ্যাম করে ড্রোন অকেজো করে দেয়, কিন্তু ফাইবার অপটিক ব্যবহারের ফলে তাদের সেই ইলেকট্রনিক বাধা আর কাজ করছে না। কয়েক কিলোমিটার লম্বা এই অপটিক্যাল ক্যাবল দিয়ে অপারেটররা অনেক দূর থেকে কোনো ধরনের সিগন্যাল ড্রপ ছাড়াই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন।

হিজবুল্লাহর এই ড্রোনগুলো তৈরি করতে খরচ হয় মাত্র কয়েক হাজার ডলার। অন্যদিকে, ইসরায়েল যদি কদাচিৎ এসব ড্রোন শনাক্ত করতেও পারে, তবে তা ভূপাতিত করতে তাদের অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইল ছুড়তে হচ্ছে। এই অসম ব্যয়ের কারণে ইসরায়েল বড় ধরনের সামরিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি ট্যাংক, বুলডোজার এবং সেনাদলকে লক্ষ্য করে এই ‘বিস্ফোরকবাহী’ ড্রোনগুলো আঘাত হানছে। হিজবুল্লাহ জানিয়েছে, গত শনিবার (২ মে) তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের একটি বড় দলের ওপর সফল ড্রোন হামলা চালিয়েছে। যেহেতু এই ড্রোনগুলো আটকানো যাচ্ছে না, তাই সেখানে দায়িত্বরত ইসরায়েলি সেনারা এখন চরম নিরাপত্তাহীনতা ও হতাহতের ঝুঁকির মধ্যে রয়েছেন।