পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি বিশেষ অভিযান শুরু করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর এই উদ্যোগকে একটি ‘নিরাপত্তা ছাতা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
আল জাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের একজন মুখপাত্র জানান, এই প্রকল্পের কাজ মাত্র শুরু হয়েছে। অভিযানটি শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক জাহাজ মালিক এবং বীমা কোম্পানিগুলো একে স্বাগত জানিয়েছে। তারা এই পদক্ষেপের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে বলে সেন্টকম নিশ্চিত করেছে।
সেন্টকম জানিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে একটি ‘নিরাপদ করিডোর’ এবং ‘নিরাপত্তা বলয়’ তৈরি করা। এর ফলে এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো যেকোনো ধরণের ঝুঁকি বা হামলা থেকে মুক্ত থাকবে।
মুখপাত্রের মতে, ‘প্রজেক্ট ফ্রিডম’ একটি অস্থায়ী অপারেশন। তবে পরিস্থিতি বিবেচনায় জলপথের নিরাপত্তা বজায় রাখতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সূত্র: আলজাজিরা