ডোনাল্ড ট্রাম্প

ইরান চুক্তি করতে চায়, এখন যা খুশি তাই করতে পারি

ইরানের বর্তমান পরিস্থিতি এবং দেশটির সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি দাবি করেছেন, ইরান এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা আমেরিকার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মরিয়া।

ট্রাম্পের মতে, এক সময় ইরান পুরো মধ্যপ্রাচ্য দখলের পরিকল্পনা করলেও বর্তমানে তারা কেবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। 

ট্রাম্প জানান, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ 'ইস্পাতের মতো শক্ত' হয়ে দাঁড়িয়েছে। এই অবরোধের ফলে দেশটির পরিস্থিতি এখন সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে এবং এই কৌশলটি সফলভাবে কাজ করছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, জাহাজটি মার্কিন পাহারায় থাকা নৌবহরের সঙ্গে ছিল না। এটি একা চলাচল করার সময় হামলার শিকার হয়।

ইরানের কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, তারা আমার সাথে অত্যন্ত সম্মানের সঙ্গে কথা বলে, কিন্তু টিভিতে গিয়ে আবার তা অস্বীকার করে বলে যে কোনো কথা হয়নি। 

ট্রাম্পের দাবি, ইরানের সামরিক শক্তি এখন তলানিতে। এমন বিধ্বস্ত অবস্থায় যেকোনো দেশই নিজেদের বাঁচাতে চুক্তির পথ খুঁজবে এবং ইরানও এর ব্যতিক্রম নয়। 

তিনি স্পষ্ট করে বলেন, আমরা চাইলে এখন ইরানের বিরুদ্ধে যা খুশি তা-ই করতে পারি। সূত্র: আলজাজিরা