‘এমভি হোন্ডিয়াস’ (MV Hondius) নামক একটি পর্যটকবাহী প্রমোদতরিতে প্রাণঘাতী হান্টাভাইরাসের (Hantavirus) প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্বজুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। জাহাজটি থেকে গুরুতর অসুস্থ তিনজনকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার পর এটি এখন স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
অপারেটর ‘ওশানওয়াইড এক্সপেডিশনস’ জানিয়েছে, সরিয়ে নেওয়া তিনজনের মধ্যে একজন ব্রিটিশ, একজন ডাচ এবং একজন জার্মান নাগরিক। এদের মধ্যে ব্রিটিশ ও ডাচ নাগরিককে চিকিৎসার জন্য নেদারল্যান্ডসে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই জাহাজটিতে গত এক মাসে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে হান্টাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং বাকি দুইজনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, সুইজারল্যান্ডে ফিরে যাওয়া এক ব্যক্তির শরীরেও এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বর্তমানে জাহাজটিতে ২৩টি দেশের ১৪৬ জন আরোহী রয়েছেন, যাদের কঠোর সতর্কতায় রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জাহাজটিতে ‘অ্যান্ডিস স্ট্রেইন’ (Andes strain) নামক হান্টাভাইরাস পাওয়া গেছে, যা মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম।
এদিকে, স্পেনের কেন্দ্রীয় সরকার জাহাজটিকে ক্যানারি দ্বীপপুঞ্জে ভেড়ার অনুমতি দিলেও স্থানীয় প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিজো এর তীব্র বিরোধিতা করেছেন। তিনি একে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি হিসেবে বর্ণনা করেছেন। তবে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া আশ্বস্ত করেছেন যে, জাহাজটি তেনেরিফে পৌঁছালে আরোহীদের স্বাস্থ্য পরীক্ষা করে সরাসরি নিজ দেশে প্রত্যাবাসন করা হবে অথবা কঠোর কোয়ারেন্টিনে রাখা হবে।
হান্টাভাইরাস সাধারণত ইঁদুর থেকে ছড়ালেও বিশেষজ্ঞরা মনে করছেন, প্রমোদতরির এই নির্দিষ্ট ক্ষেত্রে এটি নিবিড় শারীরিক সংস্পর্শের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও জাহাজ থেকে আগে নেমে যাওয়া নিজ নিজ নাগরিকদের ওপর কড়া নজরদারি শুরু করেছে। সূত্র: বিবিসি