আস্থা ভোটে জয়, সরকার গঠনে বাধা নেই থালাপতি বিজয়

ভারতের তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি)। ফলে সরকার গড়ার ক্ষেত্রে তার আর কোনো সমস্যা নেই।

 

বুধবার আস্থা ভোটের সময় তার পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দিয়েছেন।

 

যদিও থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, কিন্তু ২৩৪টি আসনের বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন তার হাতে ছিল না। তাই অন্যান্য দলের সমর্থনের প্রয়োজন ছিল তার।

 

কংগ্রেসসহ আরো কয়েকটি দল তাকে সমর্থন দেয়ার কথা বললেও এ ধরনের পরিস্থিতিতে বিধানসভায় ‘আস্থা ভোট’-এর নির্দেশ দিয়ে থাকেন রাজ্যপাল।

 

সেই অনুযায়ীই বিধানসভায় বুধবার আস্থা ভোট নেন বিজয়। ভোট গ্রহণের পর দেখা যায় বিজয়ের পক্ষে ম্যাজিক ফিগার বা প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি ভোট পড়েছে। ভোটাভুটির আগেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল দ্রাবিড় মুনেত্র কাজগমের ৫৯ জন বিধায়ক।

 

আস্থা ভোটে বিপক্ষে ভোট দিয়েছেন ২২ জন বিধায়ক।

 

বিজয়ের দল তামিলাগা ভেট্টিরি কাজাগাম (টিভিকে)-এর কাছে ১০৮ জন বিধায়ক ছিল। যদিও কংগ্রেস, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ও বামসহ একাধিক দল তাদের সমর্থন করবে বলে আগেই জানিয়েছিল। সেই অনুযায়ী, বুধবার তারা আস্থা ভোটের সময় টিভিকের পক্ষেই ভোট দেন। সূত্র : বিবিসি