ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার লক্ষ্যে রাজ্যজুড়ে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ আদেশের কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মন্দির ও উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরা মদের দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে স্থায়ীভাবে বন্ধ করতে হবে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (টাসম্যাক) পরিচালিত এসব দোকান সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্তকে সাধারণ মানুষ ও সুশীল সমাজ স্বাগত জানিয়েছে।
গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করে। পরে একটি আসন ছেড়ে দিলে তাদের আসন সংখ্যা দাঁড়ায় ১০৭। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেস, বাম দল এবং বিদুথালাই চিরুথাইগাল কাছি’র সমর্থনে জোট সরকার গঠন করেন বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বড় ধরণের প্রশাসনিক সিদ্ধান্ত।
বর্তমানে তামিলনাড়ুতে টাসম্যাকের অধীনে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এই মদের ব্যবসা থেকে তামিলনাড়ু সরকারের বিশাল অংকের রাজস্ব আসে। শুধুমাত্র ২০২৫ সালেই এই খাত থেকে রাজ্য সরকারের আয় হয়েছিল ৪৮ হাজার কোটি রুপির বেশি। তবে বিপুল এই আয়ের চেয়েও জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী।
মদের দোকান পরিচালনার ক্ষেত্রে অতীতে ব্যাপক অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ উঠেছিল। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত বছর টাসম্যাকের বিভিন্ন কার্যালয়ে অভিযান চালিয়ে এক হাজার কোটি রুপির বেশি অঘোষিত অর্থের সন্ধান পায়। নিয়োগ বাণিজ্য ও টেন্ডার জালিয়াতির মতো অভিযোগ নিয়ে মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। সূত্র: এনডিটিভি
ম্যাজিক ফিগার ছুঁয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
প্রথম নির্বাচনেই চমকের পথে থালাপতি বিজয়