আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর প্রবেশ ‘অগ্রহণযোগ্য উসকানি’: কাতার

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ঘটনায় কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কাতার।

একইসঙ্গে ইহুদি বসতি স্থাপনকারীদের উসকানিমূলক কর্মকাণ্ড এবং মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনারও সমালোচনা করেছে দেশটি।

কাতার নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বেন-গভিরের এই পদক্ষেপকে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের অনুভূতির প্রতি একটি ‘অগ্রহণযোগ্য উসকানি’ হিসেবে অভিহিত করেছে। কাতার একে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে বর্ণনা করেছে।

কাতার সতর্ক করে দিয়ে বলেছে, এটি অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি মর্যাদা পরিবর্তনের একটি ‘বিপজ্জনক প্রচেষ্টা’। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের এই ধরণের একতরফা পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ ও অকার্যকর।

বিবৃতিতে কাতার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ফিলিস্তিনিদের ওপর চলমান এই আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করে এবং দেশটি যাতে আন্তর্জাতিক রেজোলিউশনগুলো মেনে চলে তা নিশ্চিত করে। সূত্র: আল জাজিরা