লেবানন থেকে ইসরায়েলিদের সম্পূর্ণ প্রত্যাহারই দেশটির মূল লক্ষ্য বলে জানিয়েছেন লেবানিজ প্রেসিডেন্ট জোসেফ আউন। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ২২ বছরের দখলদারিত্বের অবসানের বর্ষপূর্তি তথা 'প্রতিরোধ ও মুক্তি দিবস' (Resistance and Liberation Day) উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথঅ বলেন।
তিনি উল্লেখ করেন, চলতি বছরের এই স্মৃতিচারণ এমন এক সময়ে এলো যখন দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে ইসরায়েলের দখলদারিত্ব এবং প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।
প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, লেবানন থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার একটি অবিচল জাতীয় দাবি এবং লেবানন রাষ্ট্র আলোচনার মাধ্যমে এটি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন, এই আলোচনার অর্থ কোনো ছাড় বা আত্মসমর্পণ নয়; বরং এটি লেবাননের নিজস্ব ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সেনাবাহিনী ও বৈধ নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কর্তৃত্ব বজায় রাখার একচেটিয়া অধিকারেরই পুনর্ব্যক্তকরণ।
উল্লেখ্য, ২০০০ সালের এই দিনে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটেছিল।