'মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে জালিয়াতি করে সামরিক সরঞ্জাম কিনেছিলো ইরান'

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরিচয় নকল এবং তাদের সাথে জালিয়াতি করে স্পর্শকাতর প্রযুক্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানের একটি বড় চক্র বা নেটওয়ার্ক ধসিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আমেরিকার দাবি, এই জালিয়াতির মাধ্যমে সংগৃহীত প্রযুক্তি ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর সামরিক কাজে ব্যবহারের জন্য পাঠানো হতো।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানিয়েছেন, এই পুরো চক্রটির নেতৃত্বে ছিলেন ইরানে অবস্থানকারী আলী মজিদ সেপেহর নামের এক ব্যক্তি।

এই নেটওয়ার্কটি আমেরিকার বেশ কয়েকটি বৈধ ও প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রযুক্তি কোম্পানির সাথে লাখ লাখ ডলারের জালিয়াতি করেছে। চক্রের হোতা সেপেহর এবং তাঁর সহযোগীরা ইরানের প্রতিরক্ষা খাতের জন্য অত্যন্ত উন্নত ও আধুনিক সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করছিলেন বলে পিগট উল্লেখ করেন।

এই জালিয়াতি চক্রটি প্রকাশ্যে আসার পর উক্ত নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

মুখপাত্র টমি পিগট স্পষ্ট করেছেন যে, এই পদক্ষেপটি ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেওয়া বৃহত্তর অর্থনৈতিক চাপ বা "ইকোনমিক ফিউরি" অভিযানেরই একটি অংশ।

তিনি আরও জানান, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্যই হলো সেইসব ব্যক্তি এবং সংস্থাকে শাস্তির আওতায় আনা, যারা ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিকস মন্ত্রণালয়ের পক্ষে কাজ করছে এবং মার্কিন কোম্পানিগুলো থেকে জালিয়াতির মাধ্যমে নিষিদ্ধ বা আন্তর্জাতিকভাবে সীমাবদ্ধ পণ্য  সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে। সূত্র: আল জাজিরা