দেশকে উগ্র বামপন্থীদের হাতে তুলে দিতে যারা কঠোর পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ: ট্রাম্প

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

থ্যাংকসগিভিং দিবসের শুভেচ্ছাবার্তাকে রাজনৈতিক প্রতিপক্ষ, অভিবাসী এবং যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থার বিরুদ্ধে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ৪৬১ শব্দের এক পোস্টে তিনি এমন ব্যক্তিদেরও থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছা জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে প্রতারণা, ভুল কর্মকাণ্ড ও অপরাধের অভিযোগ তুলেছেন।

বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমাদের দেশকে উগ্র বামপন্থীদের হাতে তুলে দিতে যারা এত কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে আমি আনন্দময় থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছা জানাতে চাই।’

পরিবারকেন্দ্রিক এই ছুটির দিনটি রিপাবলিকান প্রেসিডেন্ট কাটান ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত তাঁর ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে। বৃহস্পতিবার পরে মার-আ-লাগো এস্টেট থেকে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলারও কথা ছিল তাঁর।

শুভেচ্ছাবার্তায় ট্রাম্প নিজ সরকারের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য জালিয়াতির অভিযোগ তোলেন। এ ছাড়া নাম উল্লেখ না করে কয়েকজনের বিরুদ্ধে মুসলিম ধর্মীয় আইন চালু এবং ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক পুনর্বণ্টনের চেষ্টা চালানোর অভিযোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক অভিবাসী এবং সোমালি বংশোদ্ভূত মানুষকে বেকার ও অপরাধী হিসেবেও বর্ণনা করেন ট্রাম্প।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। অভিযোগগুলোর কয়েকটি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক বক্তব্যেরই পুনরাবৃত্তি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সংস্থাটির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত