ভারতে ঘুরতে আসা ইসরায়েলি সেনাকে গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ভারতে ভ্রমণরত ইসরায়েলি সামরিক বাহিনীর এক রিজার্ভ সেনাকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ও গবেষণা সংস্থা ‘হিন্দ রজব ফাউন্ডেশন’। এই বিষয়ে পদক্ষেপ নিতে ইতিমধ্যেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির পুলিশের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছে সংস্থাটি।

অভিযুক্ত ওই ইসরায়েলি সেনার নাম ইতান গিলবোয়া, যিনি বর্তমানে ভারতের হিমাচল প্রদেশে অবস্থান করছেন।

বেলজিয়ামভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সংঘটিত বিভিন্ন যুদ্ধাপরাধের তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনতে কাজ করে থাকে। যুদ্ধাপরাধের সাথে যুক্ত ইসরায়েলি সেনাদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখে হিন্দ রজব ফাউন্ডেশন। এই অপরাধীরা যখনই বিশ্বের অন্য কোনো দেশে পাড়ি জমায়, তখনই তাদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট দেশের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে সংস্থাটি।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে অবস্থান করা ইতান গিলবোয়া গাজায় থাকাকালীন অসংখ্য বেসামরিক ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংসযজ্ঞে সরাসরি অংশ নিয়েছেন। শুধু তাই নয়, নিজের সেই ধ্বংসলীলার ভিডিও রেকর্ড করে তিনি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন। ১৯৬০ সালের জেনেভা কনভেনশনের আন্তর্জাতিক আইন অনুযায়ী, যুদ্ধকালীন পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের ব্যক্তিগত সম্পদ ধ্বংস করা স্পষ্টত একটি ‘যুদ্ধাপরাধ’।

যেহেতু ভারত জেনেভা কনভেনশনের অন্যতম একটি স্বাক্ষরকারী রাষ্ট্র, তাই আন্তর্জাতিক আইন মেনে এই ইসরায়েলি সেনাকে আটক করতে তারা আইনিভাবে বাধ্য বলে মনে করে হিন্দ রজব ফাউন্ডেশন।

এক অফিসিয়াল বিবৃতিতে সংস্থাটি উল্লেখ করেছে, “জেনেভা কনভেনশনে স্বাক্ষর করার কারণে ভারতের ওপর একটি সুনির্দিষ্ট আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই কনভেনশনের ১৪৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেকোনো দেশের নাগরিকই হোক না কেন—গুরুতর বা আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের কাঠগড়ায় দাঁড় করানোর আইনি দায়িত্ব ভারতের ওপর বর্তায়।”

বিবৃতিতে হিন্দ রজব আরও যোগ করে, “ইতান গিলবোয়া কোনো সাধারণ পর্যটক বা ট্রাভেলার নন, তিনি একজন যুদ্ধাপরাধী। গাজায় ভয়াবহ অপরাধের সাথে জড়িত থেকেও কোনো ধরনের বিচার বা শাস্তির মুখোমুখি না হয়ে উল্টো এই মুহূর্তে তিনি ভারতের মাটিতে আতিথেয়তা উপভোগ করছেন।” সূত্র: আল জাজিরা