ভারতে দীর্ঘ সময় অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও নিবন্ধন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি সময় ভারতে থাকতে চাইলে বিদেশি নাগরিকদের আগেভাগেই বাধ্যতামূলক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সোমবার (২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। একই সঙ্গে সংশোধিত ইমিগ্রেশন আইনে বিদেশি নাগরিকদের সন্তানদের বিষয়ে কিছু ছাড় এবং হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর রিপোর্টিং ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর বিধিতে সংশোধন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভারতীয় ভিসাধারী বিদেশিদের এখন ১৮০ দিনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এর আগে প্রচলিত নিয়মে যোগ্য বিদেশি নাগরিকরা ভারতে অবস্থানের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ পেতেন। নতুন সংশোধনের ফলে সেই সুযোগ আর থাকছে না; বরং সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন বিধান শুধু স্বল্পমেয়াদি ভিসাধারীদের জন্যই নয়, বরং এমন ভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের ভিসার মোট মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা অবস্থানের অনুমোদিত সময়সীমা ১৮০ দিন নির্ধারিত। তারা যদি কোনো কারণে একনাগাড়ে বা এক বছরে মোট ১৮০ দিনের বেশি ভারতে অবস্থান করতে চান, তাহলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থানের অনুমতি শুধুমাত্র বিশেষ ও জরুরি পরিস্থিতিতে বিবেচনা করা হবে।
অন্যদিকে, ভারতে জন্ম নেওয়া বিদেশি নাগরিকদের সন্তানদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে বাবা-মায়ের যেকোনো একজন বা উভয়েই বিদেশি হলে সন্তানের জন্মের ৩০ দিনের মধ্যে অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন কর্মকর্তাকে বিষয়টি জানানো বাধ্যতামূলক ছিল।
তবে নতুন নিয়ম অনুযায়ী, যদি বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের জন্য ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে জন্মের পরপরই তথ্য জানানো বাধ্যতামূলক হবে না। কেবল সন্তান পরবর্তীতে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা অবহিত করতে হবে।
এ ছাড়া নতুন প্রজ্ঞাপনের আওতায় হাসপাতাল, নার্সিং হোম এবং বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের রিপোর্টিং ও প্রশাসনিক প্রক্রিয়ায়ও কিছু নতুন বিধান যুক্ত করা হয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি রোগীদের রাত্রিযাপনের সুবিধা দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে নতুন রিপোর্টিং নিয়ম কার্যকর হবে।
তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের চিকিৎসা-সংক্রান্ত দায়িত্বে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। বরং ইমিগ্রেশন ও বিদেশি নাগরিক সংক্রান্ত বিধিমালার আওতায় তথ্য প্রদান ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরও আধুনিক, সুশৃঙ্খল এবং হালনাগাদ করতেই এই পরিবর্তন আনা হয়েছে।
উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন? জেনে নিন ভিসা আবেদনের গুরুত্বপূর্ণ ধাপ
২৭ মে থেকে বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার