লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ‘মারাত্মক ভুল’: বেন-গভির

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির।

এই চুক্তিকে একটি "মারাত্মক ভুল" হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এটি মূলত কিছু উপদেষ্টাদের অলীক কল্পনা, যারা দেশের প্রধানমন্ত্রীকে ভুল সিদ্ধান্তের দিকে টেনে নিয়ে যাচ্ছেন।

উগ্র ডানপন্থী এই ইসরায়েলি মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "এই চুক্তির ফলে হিজবুল্লাহ কেবল আরও শক্তিশালীই হবে। হিজবুল্লাহকে পরাজিত করার পরিবর্তে ইসরায়েল উল্টো তাদের অস্তিত্বকেই মেনে নিচ্ছে।"

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করার সমালোচনা করে আরও বলেন, "ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও ‘না’ বলার সাহস রাখতে হয়। আমরা যদি এখন সেটি করতে না পারি, তবে পরবর্তী সময়ে যখন হিজবুল্লাহর মুখোমুখি হব, তখন তারা আরও অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক রূপ নিয়ে সামনে আসবে।"

বেন-গভির তাঁর বিবৃতিতে দাবি করেন, হিজবুল্লাহ এখনও লেবাননের লিটানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সরে যায়নি। 

একই সাথে, এই চুক্তির শর্তগুলো কার্যকর করার ক্ষেত্রে লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনীর সক্ষমতা ও যোগ্যতা নিয়েও তীব্র সংশয় ও প্রশ্ন তোলেন এই প্রভাবশালী ইসরায়েলি মন্ত্রী।