যুদ্ধ বন্ধে আমেরিকা ও ইরান একটি চুক্তিতে পৌঁছেছে। সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার (১৯ জুন) এই চুক্তি স্বাক্ষরিত হবে।
এই দুই দেশের মধ্যে মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী রাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে চুক্তি এখন সম্পন্ন।’
প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সাথে মার্কিন নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেয়ার নির্দেশ দিচ্ছি।’
তিনি লিখেছেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’
ইরান সরকারের পক্ষ থেকে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরান ও আমেরিকার মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় উপস্থাপক বলেছেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সাথে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে আমেরিকা।’
এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে বর্ণনা করা হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন ও ইরানি কিছু সংবাদমাধ্যমে।