কেনিয়ার কারাগারগুলোতে এখন শুধু শাস্তি নয়, চলছে ভবিষ্যৎ গড়ারও আয়োজন। অপরাধে জড়িয়ে পড়া তরুণদের পুনর্বাসনের অংশ হিসেবে বিভিন্ন সংশোধনাগারে চালু হয়েছে কোডিং ও ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি। এর মাধ্যমে বন্দি তরুণরা শিখছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নানা দক্ষতা।
সংশ্লিষ্টদের মতে, কর্মসূচির মূল লক্ষ্য হলো কারাভোগ শেষে তরুণদের নতুন জীবনে ফিরতে সহায়তা করা। অনেকেরই আগে কখনও কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ছিল না। কিন্তু প্রশিক্ষণ শেষে তারা ওয়েবসাইট তৈরি, প্রোগ্রামিং এবং প্রযুক্তি খাতের বিভিন্ন কাজে দক্ষ হয়ে উঠছে।
কেনিয়ার কারা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই পুনর্বাসনভিত্তিক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি শিক্ষা বন্দিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকিও কমাতে পারে।
এর আগে নাইরোবির লাঙ্গাটা কারাগারে পরিচালিত একটি কর্মসূচিতে নারী বন্দিদের কোডিং, ওয়েব ডিজাইন, কম্পিউটার মেরামত এবং থ্রিডি প্রিন্টিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অংশগ্রহণকারীদের কেউ কেউ পরবর্তীতে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।
প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তির বৈশ্বিক চাহিদা বাড়তে থাকায় কেনিয়াও ডিজিটাল দক্ষতা উন্নয়নে জোর দিচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তরুণদের কোডিং শেখানোর কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। সূত্র: সিএনএন