ইসরায়েলের কারাগারে বন্দী থেকেই কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। কঠিন পরিবেশ আর নানা নিষেধাজ্ঞার মধ্যেও থেমে থাকেননি তিনি।
ফিলিস্তিনি বন্দীবিষয়ক সংবাদমাধ্যম প্রিজনার্স মিডিয়া অফিসের (মাকতাবুল ইলামিল আসরা) বরাতে এ খবর জানানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জানাকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। এখন তিনি ইসরায়েলের দামন কারাগারে আছেন।
গ্রেপ্তারের আগে তাঁর প্রায় ২০ পারা মুখস্থ ছিল। বন্দিজীবনে বাকি অংশ শেষ করে তিনি হাফেজা হয়েছেন।
সম্প্রতি এক আদালতের শুনানিতে তিনি উপস্থিত সবাইকে জানান, এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ তিলাওয়াত করেছেন তিনি। খবরে বলা হয়েছে, এতে উপস্থিত লোকজন বিস্মিত হন।
নিজের পড়াশোনাতেই সীমাবদ্ধ থাকেননি জানা। কারাগারে অন্য নারী বন্দীদের কোরআন ও হাদিস শেখান তিনি। সহবন্দীদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও জ্ঞানচর্চার আগ্রহও জাগিয়ে তুলছেন।
জানার বাড়ি ফিলিস্তিনের হেবরন এলাকায়। তিনি জাহিরিয়া কলেজে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন। লেখালেখি ও কবিতায়ও তাঁর আগ্রহ আছে। স্নাতক শেষ করে তাফসির, আরবি ব্যাকরণ ও হাদিসে উচ্চশিক্ষা নিতে চান তিনি। স্বপ্ন, ভবিষ্যতে ইসলামি শিক্ষায় বড় অবদান রাখা।
তবে কারাজীবন মোটেই সহজ নয়। বন্দী অধিকারবিষয়ক সংস্থাটির ভাষ্য, দামন কারাগারে ফিলিস্তিনি নারী বন্দীরা খাদ্যসংকট, কঠোর বন্দিদশা ও নানা বিধিনিষেধের মুখে আছেন। খবরে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় এবং এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় অবমাননাকর তল্লাশির শিকার হয়েছেন জানাও।
পরিবার থেকেও তিনি বিচ্ছিন্ন। যোগাযোগ ও পারিবার-পরিজনের সাক্ষাতে বিধিনিষেধ থাকায় কাছের স্বজনদের মৃত্যুর খবরও তিনি পেয়েছেন অনেক দেরিতে।
এত প্রতিকূলতার মধ্যেও তাঁর এই অর্জন ফিলিস্তিনি বন্দীদের মধ্যে ধর্মীয় নিষ্ঠা ও কোরআনচর্চার উদাহরণ হয়ে উঠেছে। সহবন্দীদের পড়াতে পড়াতে কারাগারের ভেতরেই তিনি গড়ে তুলেছেন শেখার একটি পরিবেশ।
স্বাধীনতা কেড়ে নেওয়া গেছে, কিন্তু জ্ঞান আর বিশ্বাসের পথে চলার সংকল্প টলাতে পারেনি।
দৃষ্টিহীন, দুইবার ক্যানসার জয়; মুখস্থ করলেন পুরো কোরআন
মুহাম্মদ (সা.) কোথায় কোথায় ভ্রমণ করেছেন: কোরআন-হাদিসে উঠে এসেছে যেসব সফরের ইতিহাস
আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধর্মীয় অনুষ্ঠান
কুয়েতে ৬ আরব দেশের যৌথ সামরিক সদর দপ্তর স্থাপন