ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থার অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক ইলেকট্রনিক উপায়ে স্বাক্ষরিত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপিকে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন।

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টিকে একটি সফল ও চূড়ান্ত সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার আন্তরিকতা ও নিষ্ঠা প্রদর্শন করতেই ব্যক্তিগতভাবে এটি স্বাক্ষর করতে চেয়েছিলেন।”

যদিও এই ইলেকট্রনিক স্বাক্ষরের বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছিলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘ঐতিহাসিক প্রতিরোধের’ পর দেশ এখন ‘চূড়ান্ত বিজয়ের দিকে একটি বড় পদক্ষেপ’ নিয়েছে।

বর্তমানে ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সেখানে ভ্রমণ করবেন। ট্রাম্প আরও জানান, খুব শিগগিরই এই চুক্তির মূল খসড়া জনসাধারণের জন্য প্রকাশ করা হবে। সূত্র: আল জাজিরা