যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি চুক্তি নিয়ে ওয়াশিংটনে নানামুখী চাপের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ভিডিও বার্তায় তিনি এই চুক্তিকে একটি ‘মহৎ শান্তি চুক্তি’ হিসেবে বর্ণনা করে এর মূল দিকগুলো ব্যাখ্যা করেছেন।
জেডি ভ্যান্স জানান, এই চুক্তির ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ অবিলম্বে উন্মুক্ত হচ্ছে এবং এটি নিশ্চিত করে যে ইরান কখনোই কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
তিনি আরও বলেন, “ইরানিরা যদি তাদের পারমাণবিক কর্মসূচি আর কখনোই পুনর্নির্মাণ না করার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি বজায় রাখে, তবে তাদের বিশ্ব অর্থনীতিতে স্বাগত জানানো হবে।” তবে তেহরান যদি এই প্রতিশ্রুতি লঙ্ঘন করে, তবে তাদের এমনভাবে কোণঠাসা করা হবে যে তারা পুনরায় তা করার মতো কোনো সম্পদ বা সক্ষমতা পাবে না। পুরো বিষয়টিকে তিনি মার্কিন জনগণের জন্য একটি ‘উইন-উইন’ বা উভয়মুখী জয় হিসেবে বর্ণনা করেন।
এদিকে চুক্তিটি নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর মার্কিন কংগ্রেসের চাপ ক্রমাগত বাড়ছে। রিপাবলিকান দলের কট্টর ইরান-বিরোধী অংশ এবং ডেমোক্র্যাটরা যৌথভাবে এই চুক্তির সমালোচনা করছেন। তাদের দাবি, এই নতুন চুক্তিটি বারাক ওবামার আমলের পরমাণু চুক্তির চেয়েও অনেক বেশি দুর্বল—যে চুক্তিটি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প একসময় বাতিল করেছিলেন। এই পরিস্থিতিতে কংগ্রেসের অনেক সদস্য এখন চুক্তির বিষয়ে পূর্ণ স্পষ্টতা এবং এতে কংগ্রেসের তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তুলছেন। সূত্র: আল জাজিরা
ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত