দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশেন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় রাশিয়া। জোটের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত আসিয়ানের বর্তমান ১১টি সদস্যদেশগুলোর মধ্যে রয়েছে ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর ও ভিয়েতনাম। রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কাজানে গত ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত এই বৈঠকে আসিয়ান নেতারা অংশ নেন বলে জানিয়েছে পুতিনের মুখপাত্র ইউরি উশাকভ।
বৈঠকে পুতিন বলেন, “রাশিয়া এবং আসিয়ান জোটের সদস্যরা এমন একটি বিশ্বব্যবস্থা গঠনের পক্ষে, যেখানে প্রতিটি রাষ্ট্রের নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সমান থাকবে এবং কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।”
“আমাদের দেশ ও জনগণের পাশাপাশি সমগ্র ইউরেশীয় অঞ্চলের নিরাপত্তা, কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করার স্বর্থে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর সাথে সক্রিয়ভাবে যৌথ কার্যক্রম অব্যাহত রাখতে আগ্রহী এবং প্রস্তুত আছে রাশিয়া।”
“এই সম্মেলনে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমরা যারা উপস্থিত আছি, প্রতিটি রাষ্ট্রের নিজস্ব উন্নয়ন মডেল রয়েছে। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি অন্যদের ওপর চাপাতে চাই না এবং এটাই, নিশ্চিতভাবে আমাদের সবচেয়ে বড় শক্তি”, সম্মেলনে বলেন পুতিন।
রাশিয়া আসিয়ানের সরাসরি সদস্য না হলেও ‘সংলাপ প্রতিনিধি’ হিসেবে দীর্ঘ ৩৫ বছর ধরে এই জোটের সঙ্গে আছে। রাশিয়া-আসিয়ান সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষে কাজানে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল।
বুধবার আসিয়ানের সঙ্গে বৈঠকের ফাঁকে জোটের সদস্যরাষ্ট্রগুলো থেকে আসা ব্যবসায়ীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন পুতিন। সেই সাক্ষাতে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেছেন, “আমি আত্মবিশ্বাসী যে রাশিয়ার সঙ্গ আসিয়ান জোটের এই দু’দিনের সম্মেলন পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে এবং একই সঙ্গে আমাদের ব্যবসায়ী মহলের মধ্যে সরাসরি সংলাপকে শক্তিশালী করবে।”
কাজানে রাশিয়া-আসিয়ান সম্মেলনে উপস্থিত ও বক্তব্য দেওয়ার পাশাপাশি ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, ব্রুনেইয়ের সুলতান হাসনাল বলকিয়াহ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি।
প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, সার্বিকভাবে রাশিয়া-আসিয়ান বৈঠক ছিল ‘ফলপ্রসূ, সমতাভিত্তিক এবং গঠনমূলক।’
সূত্র : এএফপি, গালফ নিউজ