অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ জানিয়েছেন, তাঁর দেশ অতিরিক্ত আরও ৫ কোটি (৫০ মিলিয়ন) লিটার ডিজেল নিশ্চিত করেছে। জ্বালানিবাহী এই চালানটি এখন সিডনির ‘পোর্ট বোটানি’র উদ্দেশ্যে রওনা হয়েছে।
প্রধানমন্ত্রী অ্যালবানিজ জানান, নতুন এই চালানটি যুক্ত হওয়ার ফলে গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মোট জ্বালানি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি (৮০০ মিলিয়ন) লিটার ডিজেল, ১৫ কোটি ৫০ লাখ (১৫৫ মিলিয়ন) লিটার জেট ফুয়েল এবং ৩ লাখ ৪০ হাজার টন সার।
অ্যান্টনি অ্যালবানিজ বলেন, “মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার একদম প্রথম থেকেই আমার সরকার অস্ট্রেলিয়ার জনগণকে এর সবচেয়ে খারাপ প্রভাব থেকে রক্ষা করতে অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।”
উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়ে থাকে। বৈশ্বিক এই সংকটের মাঝেই নিজ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।