চীনের সাথে সহযোগিতা বাড়াতে চায় নেপাল

আপডেট : ২০ জুন ২০২৬, ০৫:৪৩ এএম

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল চীন সফর শেষে বেইজিংয়ের সাথে বাণিজ্য ও প্রযুক্তিসহ নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন। 

এর আগে তিনি গত ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত চীন সফর করেন। এসময় চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

শিশির খানাল বলেন, গত কয়েক বছরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে নেপালের বহু খাতে চীনের সহায়তা ও উন্নয়ন অংশীদারত্ব সম্প্রসারিত হয়েছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণ খাত হচ্ছে দুই দেশের সহযোগিতার মূল ও দীর্ঘমেয়াদি বিষয়। নেপাল আশা করে, আগামী দিনে এই খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরালো হবে।

অবকাঠামো ছাড়াও দুই দেশের মধ্যকার ‘ছোট ও সুন্দর’ শীর্ষক সহযোগিতামূলক প্রকল্পগুলোর প্রশংসা করে নেপালি পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘এসব প্রকল্প থেকে নেপালের সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। বিশেষ করে চীনের সহায়তায় নির্মিত হাসপাতাল, চিকিৎসাসেবাকেন্দ্র ও স্কুলভবন নেপালের গ্রামাঞ্চলের মানুষের জীবনমান সরাসরি উন্নত করতে বড় ভূমিকা রাখছে।’

প্রযুক্তি খাতে চীনের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে সাক্ষাৎকারে শিশির খানাল বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসের মতো নতুন নতুন প্রযুক্তির সুফল অনেক।’ 

নেপাল আশা করে, এ খাতে চীনের অর্জিত দীর্ঘ অভিজ্ঞতা থেকে তারা উপকৃত হতে পারবে। একই সাথে চীনের সহায়তায় নেপাল স্বাধীনভাবে নিজস্ব প্রযুক্তি খাতের উন্নয়ন ও সক্ষমতা অর্জন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

HN
আরও পড়ুন