ইসরায়েলের আয়রন ডোমের দিকে অস্ট্রেলিয়ার নজর

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম

নিজেদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্রুত শক্তিশালী করতে ইসরায়েলের আয়রন ডোমের জন্য তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা কেনার বিষয়টি বিবেচনা করছে অস্ট্রেলিয়া। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য কেনাকাটার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রাপ্যতা নিয়েও আলোচনা চলছে।

ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা সংসদীয় কমিটিকে জানিয়েছেন, ২০৩০-এর দশকের শুরুর দিকে এই ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে।

আলোচনায় থাকা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং ইসরায়েলি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের তৈরি আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক। আয়রন ডোমের জন্য তৈরি এসব ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিন কোরের একটি নতুন ব্যবস্থাতেও ব্যবহার করা হয়েছে। এগুলো যৌথভাবে উৎপাদন করছে ইসরায়েলি প্রতিষ্ঠান রাফায়েল ও মার্কিন কোম্পানি রেথিয়ন।

গত জুনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন গুয়ামে আঞ্চলিক সামরিক মহড়ার সময় ট্রাকে বহনযোগ্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধক পরীক্ষা করে মার্কিন মেরিন কোর। ওই মহড়ায় অস্ট্রেলিয়াও অংশ নিয়েছিল।

অস্ট্রেলিয়া ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে না। তবে দেশটির ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার সম্ভাবনা রাজনৈতিকভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এ বিষয়ে সংসদীয় কমিটির প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার সরকারের মন্ত্রী মারে ওয়াট বলেন, সরকার সব সময় সবচেয়ে উপযুক্ত সামরিক প্রযুক্তি সরবরাহের বিষয়টি বিবেচনা করবে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত