লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষা’ করছে ইরান

যুক্তরাষ্ট্রের সাথে চলমান চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনড় অবস্থান বজায় রেখেছেন ইরানের শীর্ষ নেতারা।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গবেষক মুহানাদ সেলুমের মতে, এর পেছনে তেহরানের একটি বিশেষ কৌশল রয়েছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলুম বলেন, “এটি আসলে এক ধরনের পরীক্ষা। ইরানি নেতারা মূলত এটা পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র আসলেই ইসরায়েলি পক্ষকে নিয়ন্ত্রণ করতে বা বাগে আনতে পারে কি না।”

তিনি ব্যাখ্যা করে বলেন, তেহরানের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে—ওয়াশিংটন যদি ইসরায়েলকে লেবাননে হামলা চালানো থেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে ইসরায়েল যে সরাসরি ইরানের ওপর আক্রমণ করবে না, তার গ্যারান্টি কে দেবে?

সেলুম আরও যোগ করেন, “তাই আমি মনে করি, এই আলোচনা বা সমঝোতায় ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের কতটা প্রভাব (লিভারেজ) রয়েছে এবং আসন্ন যেকোনো চুক্তির শর্তাবলি ইসরায়েল মেনে চলবে কি না—যুক্তরাষ্ট্র সেই নিশ্চয়তা দিতে পারে কি না, তা দেখা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”