ইরানের জন্য ‘নতুন সুযোগের’ বার্তা দিলেন রুবিও

ইরানের সামনে অবিশ্বাস্য কিছু করার সুযোগ রয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের ভবিষ্যৎ ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি জানিয়েছেন, ইরান যদি একটি 'বিপ্লবী আন্দোলন' হিসেবে থাকার মানসিকতা পরিহার করে একটি সাধারণ 'রাষ্ট্র' হিসেবে চলার সিদ্ধান্ত নেয়, তবে দেশটি নতুন অর্থনৈতিক সুযোগ এবং বিপুল বিনিয়োগের সুবিধা পেতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সামনে এখন অবিশ্বাস্য কিছু করার সুযোগ রয়েছে। তবে তারা এই পথটিই বেছে নেবে কি না, সেই প্রতিশ্রুতি আমি দিচ্ছি না। আমি শুধু বলছি, যদি তারা এই সিদ্ধান্তটি গ্রহণ করে, তবে সেখানে ব্যাপক সুযোগের সৃষ্টি হবে।

এই সুযোগগুলোর মধ্যে সরাসরি বিদেশী বিনিয়োগ (FDI) অন্তর্ভুক্ত থাকতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা যেমনটা এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে বিদেশী বিনিয়োগের মাধ্যমে উপকৃত হতে দেখছেন, ইরানও তেমনটা পারবে। তবে এটি আমাদের (যুক্তরাষ্ট্রের) বিনিয়োগ হবে না এবং এটি আমাদের সরকারি কোনো অর্থও হবে না।

রুবিও স্পষ্ট করে জানান যে, ইরানের এই রাজনৈতিক ও অর্থনৈতিক পথরেখা মূলত আগামী দিনগুলোতে আলোচনা হতে যাওয়া "অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর" অগ্রগতির ওপর নির্ভর করছে।

এর আগে তিনি ঘোষণা করেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে কোনো ধরনের টোল আদায় করতে পারবে না।

একই সাথে তিনি পরিষ্কার করে দেন যে, লেবানন সংকটের বিষয়ে যে আলোচনা চলছে, তা তেহরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান দ্বিপাক্ষিক আলোচনা থেকে সম্পূর্ণ আলাদা রাখা হবে। সূত্র: আল জাজিরা