হরমুজে আটকে পরা নাবিকদের উদ্ধারে জাতিসংঘের অভিযান

আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:৪২ এএম

হরমুজ প্রণালিতে আটকা পড়া ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে জাতিসংঘের সামুদ্রিক সংস্থা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হরমুজ প্রণালিতে আটকা পড়া ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এই অভিযান শুরু করেছে। মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেছেন, উদ্ধার অভিযানটি অত্যন্ত জটিল এবং ইরান, ওমান, যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট উপকূলীয় দেশ ও আন্তর্জাতিক সামুদ্রিক শিল্পের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে। নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা হয়েছে এবং নৌ-চলাচলের পরিবেশও যাচাই করা হয়েছে বলে জানান তিনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এ হামলার পর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি কার্যত বন্ধ করে দেয়। এর ফলে শত শত বাণিজ্যিক জাহাজ এবং হাজার হাজার নাবিক মাঝ সমুদ্রে দীর্ঘ সময় ধরে আটকা পড়েন। 

গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এই অঞ্চলে নৌ-চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শিপিংয়ের নজরদারি সংস্থা ‘কেপলার’ বলছে, গত সোমবার অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালিটি অতিক্রম করেছে। এটি যুদ্ধ শুরুর পর থেকে এক দিনে সর্বোচ্চ জাহাজ চলাচলের রেকর্ড।

ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সমুদ্রে জাহাজের ভিড় এবং সংঘর্ষের ঝুঁকি এড়াতে আইএমওর পরিকল্পনা অনুযায়ী উদ্ধার কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এতে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

এদিকে ডেনমার্ক জানিয়েছে, ফ্রান্স এবং ব্রিটেনের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মেরিটাইম মিশনে তারাও যোগ দিচ্ছে। এ মিশনের মূল লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুনরায় উন্মুক্ত করতে সহায়তা করা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ। এ পথে কোনো দেশকেই টোল আদায় করতে দেওয়া হবে না। অন্যদিকে, ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এই প্রণালির পরিস্থিতি আর কখনোই যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। সূত্র: আল জাজিরা 

AM/SN
আরও পড়ুন